নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ রাত ০৮:২২:১৫
রাষ্ট্র পুনর্গঠন টেকসই গণতন্ত্র ও উন্নয়নের জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, টেকসই গণতন্ত্র ও উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। গত ৭ মাসে শিক্ষাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে। নতুন শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের শিক্ষার গুণগত মানোন্নয়ন, লেখাপড়ার সুষ্ঠু ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে তারেক রহমানের আধুনিক ভাবনা এবং নেতৃত্বের কোন বিকল্প নেই।’
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মো: আনোয়ার হোসেন এবং অবসরে যাওয়া প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সরকার অত্যন্ত আন্তরিক। এইজন্য ইতোমধ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এইগুলোর মধ্যে রয়েছে, শিক্ষক প্রশিক্ষণের মেয়াদ ও পিটিআইয়ের সক্ষমতা বৃদ্ধি, নতুন শিক্ষকদের জন্য সমন্বিত প্রশিক্ষণ চালু, ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ, ধারাবাহিক দক্ষতা উন্নয়ন ও সমন্বিত শিক্ষক নীতি প্রণয়ন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, ডিজিটাল কন্টেন্ট, ইন্টারনেট সংযোগ ও স্মার্ট ক্লাসরুম তৈরীর উদ্যোগ। এছাড়াও প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং নতুন শিক্ষক নিয়োগের আইনি জটিলতা নিরসন এবং দুর্গম অঞ্চলের শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। ২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড-ডে মিল' চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকার শিক্ষাঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। বিএনপি সরকার অতীতে এবং বর্তমানে সব পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের মদদে ছাত্রলীগের ক্যাডাররা কলজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সীট দখল, অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে। আ'লীগ সরকার পাবলিক রীক্ষায় ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে।
ড.খন্দকার মারুফ বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে প্রধানমন্ত্রীর সূচিত সুস্থ ধারার উন্নয়নের রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ড.খন্দকার মারুফ বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার দেশে টেকসই উন্নয়ন, আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। একটি দল বাকশাল প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার ভুলুন্ঠিত ও গণতন্ত্রকে ধ্বংস করেছিলো। বিগত ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ ধারার রাজনীতি, টেকসই গণতন্ত্র ও উন্নয়ন, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করছেন।
মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এস.এম সালাহউদ্দিন সরকার, এম.এম মিজানুর রহমান, প্রফেসর শহীদ উল্লাহ, আবু ইউসুব নয়ন,দিলারা শিরীন এবং যুবদল নেতা আতাউর রহমান চেয়ারম্যান প্রমুখ।