নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬ বিকাল ০৪:২৪:৩১
নরসিংদীতে র্যাব সদস্যের ওপর হামলা, শোরুম মালিকসহ গ্রেপ্তার ৩
ঘটনাটি গত ২০ জুন শনিবার দুপুরে নরসিংদী সদর থানার ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্সসংলগ্ন বেলদীর মোড়ে অবস্থিত মদিনা মোটরস হিরো শোরুমের সামনে ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সিনিয়র অফিসার মো. মুইন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় শোরুমের কর্মচারী আলাল নামে এক ব্যক্তি এসে র্যাব সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার সঙ্গে থাকা আশিক নামে আরেক ব্যক্তি র্যাব সদস্য কনস্টেবল মো. মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় শোরুমের মালিক মো. মাজেদুল ইসলাম ঘটনাস্থলে এসে তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে কনস্টেবল মিজানুর রহমানের বাম পায়ে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে মাটিতে পড়ে গেলে তাকে আরও মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
কনস্টেবল মিজানুর রহমানের চিৎকার শুনে অন্য র্যাব সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে শোরুম মালিক মো. মাজেদুল ইসলাম, কর্মচারী আলাল এবং আশিককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কনস্টেবল মো. মিজানুর রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।