বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৪:২৮
বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে সেনাসদস্যের মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে অনিক হাসান (২৩) নামে এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের অধীন ৩৪ এসটি ব্যাটালিয়নে সৈনিক পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমানের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।