জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬ রাত ০৭:৫৩:১০
আলোচিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন, চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩
রোববার (২১ জুন) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৩ মে দিবাগত রাতে পূর্বধলা উপজেলার হোগলা বাজারে অবস্থিত আনিস সরকারের মালিকানাধীন ‘সরকার টেলিকম’ দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন, মিনিট ও এমবি কার্ড, চার্জার টর্চলাইট, মোবাইল চার্জার এবং প্রটেকশন গ্লাসসহ প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পূর্বধলা থানায় মামলা দায়েরের পর থেকেই চোরচক্র শনাক্ত এবং চোরাই মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
তদন্তের একপর্যায়ে শনিবার বিকেলে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ভোগড়া বাইপাস মধ্যবাজারে অভিযান চালায়। অভিযানে একটি দোকানে তল্লাশি চালিয়ে ২১টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন, ১২ প্যাকেট প্রটেকশন গ্লাস, ১০টি চার্জার টর্চলাইট এবং দুটি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।
এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন (১৮), কাউসার আলী (৩৫) এবং জুলহাস আকন (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।