রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৪:২৫
গ্যাস প্ল্যান্টে বিকট বিস্ফোরণ, অটোরিকশাচালকসহ আহত ৫
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তা দেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস নিতে সেখানে অবস্থান করা কয়েকটি অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ গ্যাস প্ল্যান্টের ভেতরের সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় সেখানে থাকা অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরবর্তী সময়ে জানা যাবে।