জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪০
১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় কর্তৃপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দলের কাছে তাদের হস্তান্তর করে।
মুক্তি পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকেই ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় কয়েকজন বাসিন্দা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। এরপর দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছিলেন, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। দুই পুলিশ সদস্য অক্ষত আছেন বলেও তিনি জানিয়েছিলেন।