নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ জুলাই ২০২৬ রাত ০৮:১০:০১
জুনে কমেছে রেমিট্যান্স প্রবাহ
দেশে টানা ছয় মাস ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয়ের গতি কমেছে। মাসটিতে প্রবাসী আয় এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৮১ বিলিয়ন ডলার)। যা আগের মাস মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার এবং গত বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম।
বুধবার (০১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩.৪২ বিলিয়ন ডলার)। আর ২০২৫ সালের জুন মাসে এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরে দেশে আসে ৩.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। এরপর অর্থবছরের সপ্তম মাস ও চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আসে ৩.১৭ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ৩.০১ বিলিয়ন ডলার, মার্চে সর্বোচ্চ ৩.৭৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ৩.১২ বিলিয়ন ডলার এবং মে মাসে ৩.৪৩ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স নেমে আসে ২.৮০ বিলিয়ন ডলারে, ফলে টানা ছয় মাস পর ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সদ্য বিদায়ী জুন মাসে দেশে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।