নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬ বিকাল ০৪:০০:১২
‘প্রধানমন্ত্রীর সফরে দেশের পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক স্থাপিত হয়েছে’
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি নতুন মানদণ্ড (বেঞ্চমার্ক) স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এ সফরের মাধ্যমে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকনির্দেশনা আরও স্পষ্ট হয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে একটি সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা করেছেন। বিদেশ সফরে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় তিনি লোকসমাগম বা গণসংবর্ধনার আয়োজন করেননি। হাজার হাজার মানুষের সমাগম ঘটানো হয়নি—এটি একটি বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী বিদেশ সফরের ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছেন, যা বিএনপির রাজনীতিতে সব সময়ই ছিল। আমরা কোথাও আপস করব না। আমরা আন্তর্জাতিক সম্পর্ককে দেশের স্বার্থে কাজে লাগাতে প্রস্তুত।
তিনি আরও বলেন, মালয়েশিয়ায় আমাদের জ্বালানি ও শ্রমবাজারে বড় ধরনের স্বার্থ রয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। চীনের সঙ্গে আমাদের বৃহৎ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ ছাড়া অবকাঠামো উন্নয়নেও দুই দেশের সহযোগিতা রয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে রফতানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীন ও মালয়েশিয়া সফরের মূল ভিত্তি ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি।