নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৮:১০
মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৩ শিক্ষার্থী
আন্তর্জাতিক শিক্ষার অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের তিন শিক্ষার্থী। মিশরের বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছে তারা। রূহ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফকীর ইলহাম বিন ইসলাম, মোঃ রিদম হাসান ও মোঃ রুবিউল হাসান ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি হিফযুল কুরআন সম্পন্ন করে আন্তর্জাতিক পর্যায়ে এ সুযোগ অর্জন করেছে।
বাংলাদেশের প্রথম ফুলটাইম হিফযভিত্তিক ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পরিচিত রূহ ইন্টারন্যাশনাল স্কুলে ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি হিফযুল কুরআন, আরবি ভাষা ও ইসলামী শিক্ষার সমন্বিত পাঠদান করা হয়।
আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তারা প্রি-আযহার প্রোগ্রামে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়। ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে মিশরে তাদের নতুন শিক্ষাজীবন শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার সুযোগ অর্জন একটি উল্লেখযোগ্য সাফল্য।
এ বিষয়ে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ বলেন, ‘এর আগেও গত বছর আমাদের একজন শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আযহার প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছে। এবার আমাদের আরও তিন শিক্ষার্থীর এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি কেবল আমাদের স্কুলের সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলেই এই আন্তর্জাতিক সুযোগ অর্জিত হয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
তিন শিক্ষার্থীর এই অর্জন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
সন্তানদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিন শিক্ষার্থীর অভিভাবকরাও। তারা রূহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিশরে নতুন শিক্ষাজীবনে তাদের সন্তানরা যেন সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, সে জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।