নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৯
পদত্যাগ করলেন ঢাবির ৫ সহকারী প্রক্টর, নেপথ্যে কী?
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর। বুধবার (১১ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।
এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) পদত্যাগ করেছেন আরও দুজন। তারা সবাই জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। তাদের পদত্যাগের নেপথ্যে কী?
জানা গেছে, পদত্যাগপত্রে ওই পাঁচ শিক্ষক ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণ দেখিয়েছেন এবং পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর রেজাউল করিম সোহাগও তার পদত্যাগপত্র জমা দেবেন। সব মিলিয়ে মোট ছয়জন সহকারী প্রক্টরের সবাই পদত্যাগ করছেন।
এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘ব্যক্তিগত কারণ উল্লেখ করে সবাই পদত্যাগ করছেন— এটাই আমি জানি। এর বাইরে আমার কাছে আর কোনো তথ্য নেই।’
এর আগে গত ১১ মে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন ঢাবির ভাইরাল শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।
সে সময় পদত্যাগের খবর জানিয়ে ফেসবুক পোস্টে শিক্ষিকা মোনামি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায়ের সমাপ্তি ঘটল এখানেই।’