নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৫:৫৯
টেক্সটাইল খাতকে দেশের অন্যতম অর্থকরী শিল্পে পরিণত করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের টেক্সটাইল খাতে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে টেক্সটাইল খাতকে দেশের অন্যতম অর্থকরী শিল্পে পরিণত করতে হবে।
১ জুলাই বুধবার ( সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় দেশের টেক্সটাইল খাতে ভারত ও শ্রীলঙ্কার পেশাজীবীরা কাজ করতেন। সেই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে দেশীয় দক্ষ জনবল তৈরি করতে হবে। এ জন্য সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের ওপর জোর দেন তিনি।.
তিনি আরও বলেন, আগামী দিনে টেক্সটাইল খাত দেশের সবচেয়ে সম্ভাবনাময় ও অর্থকরী খাতগুলোর একটিতে পরিণত হবে। তাই এ খাতে গবেষণা, আধুনিক প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ প্রকৌশলী তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে। পাশাপাশি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য দুটি কলেজ স্থাপনের ঘোষণাও দেন তিনি।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো জটিলতা থাকবে না। এছাড়া ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।