নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬ বিকাল ০৫:১০:৩৬
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনসারের তৎপরতায় দালাল আটক
মঙ্গলবার (২৩ জুন) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) এলাকার মহিলা টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আটক ব্যক্তি রোগীদের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বলছিলেন যে হাসপাতালে ভালো চিকিৎসক নেই। এরপর তিনি উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে একটি বেসরকারি হাসপাতাল সংশ্লিষ্ট দালাল চক্রের সদস্য বলে স্বীকার করেন। তিনি রোগীদের বিভ্রান্ত করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে জড়িত ছিলেন বলে জানান।
আটক ব্যক্তির নাম মো. হানিফ মিয়া। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল এলাকায় বলে জানা গেছে।
অভিযানে অংশ নেওয়া আনসার সদস্যরা হলেন—প্লাটুন কমান্ডার (পিসি) মো. সাদেক হোসেন বাচ্চু, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো. শহিদুল ইসলাম।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, রোগীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। আনসার সদস্যদের এ ধরনের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা জনসেবামূলক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।