আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন
শাফি উদ্দিন আহমদ/শাহরিয়র ইকবাল সুমন, ব্যাংকক থেকে
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ রাত ০৭:১০:০৬
ছবি: সঞ্জীব চক্রবর্তী
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী ব্যাংককসহ সমগ্র থাইল্যান্ডজুড়ে সর্বোচ্চ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থাইল্যান্ড রয়্যাল পুলিশ ও ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ। ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা ইভেন্টে বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিশ্বনেতা ও আন্তর্জাতিক অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে এবং পুরো রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে থাই কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ ট্রাফিক পরিকল্পনা চালু করেছে। 'কে-নাইন' ডগ স্কোয়াডের বিশেষ মহড়া ছাড়াও থাই রয়্যাল পুলিশের প্রধানের সরাসরি নির্দেশনায় সম্মেলনস্থল—কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC), রিসেপশন ভেন্যু 'ওয়ান ব্যাংকক ফোরাম' এবং ভিআইপি অতিথিদের জন্য নির্ধারিত ২২টি বিলাসবহুল হোটেল এলাকাকে ঘিরে ৩-স্তরের নিরবিচ্ছিন্ন নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
কে-নাইন (K-9) ও অ্যান্টি-বোম্ব স্কোয়াড
বোমা নিষ্ক্রিয়করণ শাখা এবং পুলিশের বিশেষ প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ভেন্যু, পার্কিং এরিয়া, সংলগ্ন পার্ক এবং ভিআইপি হোটেলগুলোতে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। কে-নাইন দলের বিশেষ প্রশিক্ষিত কুকুরগুলো বিস্ফোরক, অস্ত্র ও যেকোনো সন্দেহজনক বস্তু শনাক্তকরণে কাজ করছে।
স্মার্ট প্যাট্রোল ও ড্রোন নজরদারি
ট্যুরিস্ট পুলিশ ভেন্যু ও সংলগ্ন বেনজাকিত্তি পার্ক এলাকায় স্মার্ট মোবাইল অপারেশনাল ভ্যাকিং এবং পর্যবেক্ষণ ড্রোন মোতায়েন করেছে।
ছবি: সঞ্জীব চক্রবর্তী
সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা
১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সম্মেলনের প্রধান ভেন্যু ও ভিআইপি হোটেলগুলোর ১০০ মিটারের মধ্যে সব ধরনের জনসভা, মিছিল বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ পরিকল্পনা
ব্যাংককের কেন্দ্রস্থলে তীব্র যানজট এড়াতে এবং ভিআইপি কনভয় চলাচলের সুবিধা নিশ্চিত করতে 'ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার (1197)' এবং ট্রাফিক পুলিশ নির্দেশিকা জারি করেছে।
বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
ব্যাংকক পুলিশ সাধারণ জনগণকে ৫টি প্রধান সড়ক এলাকা (রাচাদাফিসেক রোড, আসোক-সুকুমভিত এলাকা, রামা ৪ রোড এবং দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশের সংযোগ সড়কগুলো) খুব জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
গণপরিবহন ব্যবহারে জোর
রাস্তায় ব্যক্তিগত যানবাহনের চাপ কমাতে সাধারণ যাত্রীদের জন্য ইলেকট্রিক ট্রেন বা বিটিএস (BTS)/এমআরটি (MRT) নেটওয়ার্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
ওয়ার্ক ফ্রম হোম (WFH) ও বিশেষ ছুটি
ট্রাফিক ব্যবস্থার ওপর চাপ কমাতে ব্যাংকক সিটি কর্পোরেশন নির্দিষ্ট দিনগুলোতে সরকারি কর্মচারীদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' এবং ১৬ অক্টোবর বিশেষ ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
সার্বক্ষণিক হটলাইন ও পুলিশের বার্তা
থাইল্যান্ড সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তার আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে জরুরি পুলিশ সেবা ১৯১, ট্যুরিস্ট পুলিশ হটলাইন ১১৫৫ এবং ট্রাফিক হালনাগাদের জন্য ১১৯৭ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।