আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:৫১
সৌদি আরবে আটকে পড়েছে ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী
সৌদি আরবে বিমানবন্দর অবকাঠামোয় হামলার জেরে ফ্লাইট বাতিলের কারণে সেখানে আটকে পড়েছেন হাজার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিমান সংস্থা ও সফর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় যোগাযোগ রাখছে। ভারতীয় গণমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি বিষয়টি সামনে আনেন। তিনি জানান, ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী আটকা পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়েসি লেখেন, ‘ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়া প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী মক্কা ও মদিনায় আটকে আছেন। এসব বিমান সংস্থা ফ্লাইট বাতিল করায় তারা ফিরতে পারছেন না।’ আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বড় আকারের বিমান চলাচলের অনুমতি দিতে অথবা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে ভারতের বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এ প্রতি আহ্বান জানান তিনি।
ওয়েসির এই উদ্বেগের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি জানানো হয়। মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত এক সপ্তাহে উপলব্ধ বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে আটকে পড়া প্রায় ৩ হাজার ওমরাহ যাত্রীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া স্বাভাবিক শিডিউল ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন।
সৌদি আরবে থাকা ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কন্ট্রোল রুমের নম্বরও চালু করা হয়েছে।