নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩৬:০০
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির আর্থিক অনুদান
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মরহুম আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা। সাক্ষাৎকালে আইজিপি পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেন এবং আলতাফের এই আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেন শাহাদাতবরণ করেন।