সাভার প্রতিনিধি:
প্রকাশ : ২৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৫:২৬
শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে তারেক রহমানের সরকার: আমান উল্লাহ আমান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, "শিক্ষাই ছিল আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়েছে।"
রোববার (২৮ জুন) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, "প্রতিবার বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন দেখা গেলেও এবার তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কারণ বিএনপি জনগণের সরকার, ছাত্র-ছাত্রীদের সরকার এবং গরিব মানুষের সরকার।"
তিনি আরও বলেন, "শিক্ষকদের শতভাগ বেতন প্রদানের উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা শতভাগ বাস্তবায়ন করেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ইতিহাসের সর্বোচ্চ বাজেট শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে।"
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "বাবা-মা, শিক্ষক এবং এলাকার মুখ উজ্জ্বল করতে ভালো ফলাফল অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।"
তেঁতুলঝোড়া কলেজের অধ্যক্ষ ইউনুস আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়।