নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:১৮
ইউপি নির্বাচনের তারিখের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ ব্যাপারে কিছু জানে না সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশনে তিনি দেখেছেন নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। কিছু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে। এ সময় প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি বাজেটসহ বিভিন্ন বিষয়ও থাকে।
তবে নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকারও এ ব্যাপারে কিছু জানে না বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।