বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ রাত ০৭:০৫:০২
প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন ও দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধির বড় উদ্যোগ
সমরাস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস্ লিমিটেডের (জেটিএমএল) ৫৪.৯৯ একর জমি রাষ্ট্রীয় একমাত্র অস্ত্র ও গোলাবারুদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরী (বিওএফ)’ সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে ভাটিয়ারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই হস্তান্তর ও সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাহিনীর কিউএমজি লেঃ জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। স্বাগত বক্তব্য শেষে বিটিএমসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার (ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আধুনিকায়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি উপস্থিত অতিথি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাঁদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার কেবল প্রতিরক্ষা সামগ্রীই নয়, দেশীয় উৎপাদিত সকল প্রকার পণ্য আন্তর্জাতিক বাজারে সমাদৃত ও মানসম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে দেশের প্রতিরক্ষা শিল্পসহ সশস্ত্র বাহিনী তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিওএফ-এর এই সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এটি প্রতিরক্ষা খাতে বৈদেশিক নির্ভরতা হ্রাসের পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বিওএফ কমান্ড্যান্ট; আর্টডক-এর ভারপ্রাপ্ত জিওসি ও বিএমএ কমান্ড্যান্ট; ইবিআরসি কমান্ড্যান্ট; ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব; চট্টগ্রাম বিভাগীয় কমিশনার; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি; সিডিএ চেয়ারম্যানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।