নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬ বিকাল ০৪:২৬:৪৯
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় আগামী রোববার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, আগামী ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা উল্লিখিত এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের আওতায় গোলাকান্দাইল মোড় এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ সম্পন্ন করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।