নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:১৭
ইউপি ভোট কবে জানা যাবে সোমবার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে, কোন ধাপ কবে হবে তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে, কোন ধাপ কবে হবে তা জানিয়ে দেওয়া হবে।’
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচন নিয়ে কমিশনের প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরমধ্যে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের বাধ্যবাধকতার কারণে দ্রুত নির্বাচন আয়োজন করতে হচ্ছে। বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব বিবেচনা করে সাত ধাপে ভোট গ্রহণের এই প্রাথমিক সূচি তৈরি করা হয়েছে।’
ইসির প্রাথমিকভাবে ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১২ নভেম্বর প্রথম ধাপ, ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপ এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোট গ্রহণের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রথম পাঁচটি ধাপেই অধিকাংশ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। ষষ্ঠ ও সপ্তম ধাপ মূলত সংরক্ষিত রাখা হচ্ছে মামলা সংক্রান্ত জটিলতা বা অন্যান্য কারণে পিছিয়ে পড়া ৫৬টিসহ বাকি ইউনিয়নগুলোর জন্য।’
প্রথম ধাপের ইউপি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ঠাকুরগাঁও ব্যতীত বাকি ৬৩টি জেলার আনুমানিক ৮০টি উপজেলার ইউনিয়নগুলোতে প্রথম ধাপে ভোট হবে। ঠাকুরগাঁওয়ে একটি উপনির্বাচন থাকায় সেখানকার কার্যক্রম দ্বিতীয় ধাপে স্থানান্তর করা হয়েছে। সাধারণত জেলার সদর উপজেলাগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হবে। তবে চট্টগ্রাম ও কুমিল্লার মতো অধিক উপজেলা বেষ্টিত জেলাগুলোতে ৩টি করে এবং ১০ বা ততোধিক উপজেলা থাকা জেলায় ২টি করে উপজেলাকে প্রথম ধাপে রাখা হচ্ছে।’