নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৪:৩৯
কানাডায় পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর প্রলোভনে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাত ২টা ১৫ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ থানার নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীর সঙ্গে ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন অভিযুক্ত নারী। ২০২৫ সালের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে আরও ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে নেওয়া হয় ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা।
টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীর কাছে দেওয়া হয়। পরে কানাডা অ্যাম্বাসিতে যোগাযোগ করে যাচাই-বাছাই করা হলে এসব কাগজপত্র ভুয়া বলে জানানো হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী কাফরুল থানায় মামলা করেন।
সিআইডি জানায়, অভিযুক্ত নারীসহ চক্রের অন্য সদস্যরা পরস্পর যোগসাজশে বিদেশে পাঠানোর কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে সেগুলো আসল হিসেবে ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতেন। গ্রেপ্তারকৃত নারী তার প্রকৃত নাম-ঠিকানা গোপন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে। আত্মসাৎ করা অর্থের সম্পূর্ণ পরিমাণ, অর্থের গতিপথ এবং চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।