নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৯:০২
বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
কূটনীতিকদের ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে— এমন অভিযোগে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেয়।
দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।
প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি প্রধান নির্দেশনা দিয়েছে—
সাড়া দেবেন না
কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করলে এবং টাকা বা তথ্য চাইলে তাতে সাড়া না দেওয়া।
টাকা পাঠাবেন না
যেকোনো প্রলোভন বা অনুরোধের মুখে কোনো প্রকার আর্থিক লেনদেন না করা।
সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।