নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:২৪
রাজধানী থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক গ্রেপ্তার
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি বলেন, কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলা আছে।