আওয়াল সিকদার ইমন, ঢাকা
প্রকাশ : ১৯ জুন ২০২৬ রাত ০৯:৩০:৫৭
পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী আটক, উদ্ধার হলো মোবাইল ফোন
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টা ১৩ মিনিটে পল্লবী থানাধীন কালশী মোড়ে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো ওই সময় কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলী। এ সময় তিনি একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। চালকের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি দেখতে পান, এক ব্যক্তি গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে।
ঘটনাটি বুঝতে পেরে সার্জেন্ট মাহমুদ আলী তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতা ও তৎপরতার সঙ্গে তিনি মো. মানিককে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
পরে তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং সেটি ভুক্তভোগী যাত্রীর কাছে ফেরত দেওয়া হয়।
আটককৃত মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা ট্রাফিক পুলিশের এ দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন। তাদের মতে, ট্রাফিক পুলিশের এই তৎপরতা রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।