নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৯:২৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সমৃদ্ধ দেশ গড়তে আইন-শৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. খন্দকার মারুফ
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত স্বনির্ভর,উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে আইন শৃঙ্খলার উন্নতি অপরিহার্য। এর কোনো বিকল্প নেই।
বিএপি নেতা খন্দকার মারুফ দৃঢ়তার সাথে বলেন, অপরাধীর কোনো দল নেই,আদর্শ নেই। সে তো শুধুই অপরাধী। ওরা দেশ ও জাতির শত্রু, নিরাপদ বাংলাদেশ গড়ার পথে মারাত্মক অন্তরায়। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ক্রিমিনালদের দমন করতে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছেন। তাদের সামান্যতম ছাড় দেওয়া হবে না। এইসব অপরাধী আইনের ফাঁক-ফোঁকর দিয়ে যাতে বেরিয়ে না যায়, সে ব্যাপারে কঠোর আইনী ব্যবস্থা নিতে তিনি মেঘনার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ড.খন্দকার মারুফ সোমবার (২৪ আগস্ট) সকালে কুমিলার মেঘনা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ বলেন, একটি প্রযুক্তিনির্ভর,স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সরকার কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। যা এখন জনগণের কাছে দৃশ্যমান। জনগণ উন্নত সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন চায়। সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আইন শৃঙ্খলার উন্নতি খুবই অপরিহার্য।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার চরম দু:শাসন ও জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংসস্তুপে পরিণত করেছে। তারেক রহমান সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। আগামী দিনে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে মাথা উঁচু করে দাড়াবে, ইনশাআল্লাহ।
মেঘনার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব মো. সালাহউদ্দিন সরকার ও যুগ্ম আহবায়ক দিলারা শিরীন প্রমুখ।
সভায় বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে। জনগণ নিরাপদে, সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে। মানুষ এইসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে। সরকার কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প- 'খাল খনন কর্মসূচি' আবারও চালু করেছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ অব্যাহত রেখেছেন। গত ৬ মাসে তারেক রহমান রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনগণ তাঁকে ঘিরে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন দেখছে।
সভায় ড.খন্দকার মারুফ মেঘনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে- চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসেবী ও কারবারী দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি মেঘনা উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনস্বার্থ রক্ষা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনপ্রকার গাফিলতি কিংবা শৈথিল্য জনগণ বরদাশত করবে না।