নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২০:১৭
রাষ্ট্রের স্থায়ী সংকট নিয়ে জাতীয় ঐক্য জরুরি: মজিবুর রহমান মঞ্জু
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সংকট নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত একটি গভীর সংকট। এই সংকট সমাধানে জাতীয় ঐকমত্য ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। রাষ্ট্রের এই মৌলিক সংকট সমাধানে জাতীয় ঐক্য জরুরি বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (FSDS) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক সাকিব আলী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেখক ও চিন্তক আব্দুল হালিম, দলের শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক এবং সহ দপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, রোহিঙ্গা সংকট কক্সবাজারের জনজীবন, পরিবেশ ও নিরাপত্তাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত ঐতিহাসিক রায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠার পাশাপাশি রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিতে শক্তিশালী নৈতিক ভিত্তি তৈরি হয়েছে। রায়ের নৈতিক ও আন্তর্জাতিক প্রভাবকে বাংলাদেশের স্বার্থে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার নির্ধারণে বড় ধরনের ভুল রয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জাতীয় গুরুত্বপূর্ণ সংকট মোকাবিলায় যথাযথ মনোযোগ না দিয়ে সরকার লোকদেখানো কর্মসূচিতে বেশি গুরুত্ব দিচ্ছে। ঋণনির্ভর কর্মসূচির মাধ্যমে প্রচারণা চালানোর চেয়ে মানুষের মৌলিক সমস্যা সমাধান জরুরি। ভারত ও আওয়ামী লীগ যৌথভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,এমন উদ্বেগজনক পরিস্থিতিতেও সরকারের কার্যকর প্রতিবাদ ও কূটনৈতিক অবস্থান দৃশ্যমান নয়। কলকাতার একজন মন্ত্রীর ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকিসংক্রান্ত বক্তব্যের বিরুদ্ধেও সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ দেখা যায়নি। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারকে আরও দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোহিঙ্গা ক্যাম্পের বাস্তবতা তুলে ধরে মঞ্জু বলেন, ক্যাম্পে না গেলে বোঝা যাবে না সেখানে কত বড় মানবিক বিপর্যয় চলছে। দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা বিপুলসংখ্যক মানুষের জীবনযাপন, নিরাপত্তা, মাদক ও অপরাধের বিস্তার দেশের জন্য নতুন নতুন ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের মাদক পাচারের অন্যতম পাইপলাইন টেকনাফ। বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশের জন্য একটি নৈতিক বিজয়। তবে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্য দেশের বিপুলসংখ্যক নাগরিককে দীর্ঘ সময় আশ্রয় দিয়ে রাখা একটি বিপজ্জনক পরিস্থিতি।
তিনি বলেন, ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নিজেদের কৌশলগত গুরুত্ব বাড়াতে হবে। রোহিঙ্গা সংকটের সঙ্গে আরাকান আর্মিসহ একাধিক পক্ষ জড়িত। তাই শুধু এককভাবে নয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও যোগাযোগ বাড়াতে হবে। ভারত এ সংকটে বাংলাদেশের পাশে দাঁড়াবে,এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলে রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য আরও বড় জাতীয় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।এ সংকট সমাধানে সরকারকে অবিলম্বে সর্বদলীয় সংলাপের উদ্যোগ নিতে হবে। এটি কোনো দলের একক ইস্যু নয়, এটি জাতীয় অগ্রাধিকারের বিষয়। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গেও সমন্বিত আলোচনা করতে হবে।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান বলেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই অর্জনকে কাজে লাগাতে হবে। এ বিষয়ে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত এবং জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাতে হবে। জাতিসংঘ এ বিষয়ে আন্তরিক ও সংবেদনশীল ভূমিকা রাখতে পারে।
মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ওআইসি, আসিয়ান এবং মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে মক্কা প্যাক্টসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগগুলোকেও কাজে লাগানোর প্রয়োজন রয়েছে।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে বাংলাদেশকে কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান কী হবে, তা নির্ধারণে এখনই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে রাজনৈতিক ও সামাজিকভাবে চাপ সৃষ্টি করতে হবে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গাদের জীবন একসময় স্বচ্ছল ও স্বাভাবিক ছিল। কিন্তু রাষ্ট্রহীনতার কারণে আজ তাদের অস্তিত্ব ও জীবন চরম হুমকির মুখে। দীর্ঘদিন ধরে বন্দিশিবিরের মতো পরিবেশে বসবাস করতে গিয়ে তারা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী এই বাস্তুচ্যুতির ফলে ক্যাম্পকেন্দ্রিক নানা অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে। ব্রিটিশ শাসনামল থেকেই এ অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতায় বহিঃশক্তির প্রভাব রয়েছে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরাশক্তিগুলোরও নানা স্বার্থ ও আগ্রহ রয়েছে। ফলে বিষয়টিকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে দেখলে চলবে না, এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি গভীরভাবে জড়িত।
সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সে বিষয়ে বাংলাদেশকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। একটি শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে অন্যদের শর্ত ও চাপের মুখে পড়তে হয়। তাই বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বাড়ানো জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, গণশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, প্রবাসী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক নুরুন্নবী নয়ন,রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ,বরিশালের নেতা জাকির হোসেন এবং নারী নেত্রী ইভানা পারভীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।