নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ রাত ০৮:৩৭:০৫
সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো পাঁয়তারা হচ্ছে কি না খতিয়ে দেখতে হবে: জামায়াত
দেশে চলমান গ্যাস সংকটকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো পাঁয়তারা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে চলমান সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে জুবায়ের বলেন, দেশের নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। এর ফলে বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত যানবাহনের চলাচল এবং শিল্প-কারখানার উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে। এতে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জামায়াতের এ নেতা বলেন, দেশবাসীর ধারণা, অবৈধ গ্যাস সংযোগ, সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো অপচেষ্টা চলছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও খনন, বিদ্যমান গ্যাসকূপ থেকে উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে।
অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দিতে ব্যস্ত। এর ফলেই সারাদেশে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে।
চলমান সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।