নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০২:২৯
প্রতারণার মামলায় বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায় প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ওই মামলায় দণ্ডিত হওয়ার পর বিদিশাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি শেষে রোববার আদালত তাকে জামিন দেন।