নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ রাত ১০:০৮:২৯
মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি
রোববার (২১ জুন) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না’—মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে বিরোধী দলের ভূমিকা পালন করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, মন্ত্রীর বক্তব্য রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ এবং এটি দলটির জনপ্রিয়তাকে খাটো করার প্রয়াস।
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনাকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষের রাজনীতি করার সুযোগ রয়েছে। বিগত নির্বাচনে দেশের মানুষ তা প্রত্যক্ষ করেছে।”
বিবৃতিতে তিনি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই বিভ্রান্তিকর তথ্য বা রাজনৈতিক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হওয়া উচিত তথ্যনির্ভর ও শালীন।