নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:৩৮
লগি-বৈঠার সন্ত্রাসী রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনা যাবে না: এবি পার্টি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার (১৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মারক জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি স্থাপনার ওপর আক্রমণ নয়,এটি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসের ওপর সরাসরি আঘাত। যারা এখনো সহিংসতা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরোনো রাজনৈতিক আধিপত্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তারা বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে।
তারা বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। লগি-বৈঠা নিয়ে সশস্ত্র মহড়া, পুলিশের গাড়ীতে আগুন দেওয়া,সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকাণ্ড সরাসরি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার নজির আওয়ামী লীগের পুরোনো সহিংস রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।
নেতৃদ্বয় আরও বলেন, গোপালগঞ্জে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেও কীভাবে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে তাণ্ডব চালাল এবং জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ করল, তা গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিষ্ক্রিয়তা এবং আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। লগি-বৈঠার সন্ত্রাসীদের দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত জুলাই স্মৃতিস্তম্ভ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা আরও বলেন, বাংলাদেশকে আর কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর ফ্যাসিবাদী দাপট ও সন্ত্রাসের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে রাজনীতি পরিচালিত হবে জনগণের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিতে। সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে ইতিহাস মুছে ফেলা যায় না, জনগণের আকাঙ্ক্ষাকেও দমিয়ে রাখা যায় না।