এম. মেহেদুল খাঁন (সৌদি আরব) প্রতিনিধি
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৭
রিয়াদে আগামী ৯ ও ১০ অক্টোবর কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিম
সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
তাবারজাল-আলজাওফ ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিতে আগামী ৯ ও ১০ অক্টোবর, শুক্রবার ও শনিবার একটি কনস্যুলার টিম সেখানে অবস্থান করবে।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাবারজাল আল ফাহদা, দাইরেজা রোড, দাইরেজা, তাবারজাল-আলজাওফ এলাকায় এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।
কনস্যুলার টিমের মাধ্যমে প্রবাসীরা ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি, শ্রম কল্যাণসংক্রান্ত বিভিন্ন সেবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ বা হুরুবপ্রাপ্তদের আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
এছাড়া সোনালী ব্যাংকের সেবা, ট্রাভেল পারমিট প্রদান, কনস্যুলার ডকুমেন্ট সত্যায়ন, আমমোক্তারনামা প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবাও দেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি ই-পাসপোর্টের ছবির জন্য গাঢ় রঙের রঙিন পোশাক পরিধান করে আসার জন্যও অনুরোধ করা হয়েছে। সাদা বা হালকা রঙের পোশাক পরা যাবে না।
প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।