নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬ সকাল ১১:২৭:২৭
কানাডার গোলের বন্যায় কোনঠাসা কাতার
বিশ্বকাপে কাতারকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়ে কোনঠাসা করেছে বর্তমান আয়োজক কানাডা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড। এছাড়া স্কোর শিটে নাম লিখিয়েছেন লারিন ও সালিবা। একটি গোল হয় আত্মঘাতী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। এর ফলও পেয়ে যায় দ্রুত। কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা জোনাথন ডেভিডের জোরালো শট ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন কানাডার স্ট্রাইকার সাইল লারিন। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। এরপরই আরও বিপদে পড়ে কাতার। কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন হোমাম আহমেদ। প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে ফ্রি-কিক দেন রেফারি। তবে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ান হোমামকে। ফলে ম্যাচের আধঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় কাতার।
এই সুবিধা কাজে লাগিয়ে বিরতির আগেই আরও একবার আঘাত হানে কানাডা। নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জোনাথন ডেভিড। প্রথমার্ধ শেষে বড় লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে স্বাগতিকরা।
ইসমাইলের ইনজুরিতে ভেঙে পড়েন সতীর্থরা।দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে উদ্বেগজনক মুহূর্তটি আসে ৫৩তম মিনিটে। কাতারের আসিম মাদিবুর ভয়ংকর ট্যাকলের শিকার হন কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনে। যন্ত্রণায় কাতরাতে থাকা কোনেকে ঘিরে ধরেন সতীর্থরা এবং দ্রুত মাঠে প্রবেশ করে মেডিকেল টিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার গোড়ালিতে গুরুতর চোট লেগেছে।
ঘটনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় মাদিবুকে। ফলে কাতারকে ম্যাচের বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয়। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় কানাডার সমর্থকেরা কোনের নাম ধরে স্লোগান দিতে থাকেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘থাম্বস আপ’ দেখান এই মিডফিল্ডার।
দুই খেলোয়াড় কমে যাওয়ার পর কাতার কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। সেই সুযোগে গোলের বন্যা বইয়ে দেয় কানাডা। দ্বিতীয়ার্ধে আরও তিনবার কাতারের জালে বল পাঠায় স্বাগতিকরা। জোনাথন ডেভিড নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচের নায়ক বনে যান। পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে তিনি সমতায় চলে আসেন লিওনেল মেসির সঙ্গে।
শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা এবং নকআউট পর্বে জায়গা করে নেয়ার পথও প্রায় নিশ্চিত করে ফেলেছে।