নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ দুপুর ১২:৩৭:০৪
বিশ্বকাপ: সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে নেদারল্যান্ডসের জয়
বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে কিছুটা হতাশ হয়েছিল নেদারল্যান্ডস। অন্যদিকে প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সুইডেন। তবে শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে সেই সুইডেনকেই ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস।
এই জয়ে গ্রুপের শীর্ষস্থানে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। একই সঙ্গে বিশ্বকাপের মূল আসরে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছে দলটি।
এদিন আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনে ক্রিসেনসিও সামারভিলের জায়গায় ব্রায়ান ব্রোবিকে মূল স্ট্রাইকার হিসেবে খেলান ডাচ কোচ রোনাল্ড কোম্যান। কোচের আস্থার প্রতিদান দিতে ব্রোবি সময় নেন মাত্র ৫ মিনিট। কোডি গাকপোর ক্রস থেকে ট্যাপ-ইনে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
১৭ মিনিটে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন সান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে নেদারল্যান্ডসের শততম গোলটিও আসে তার পা থেকে। প্রথমার্ধের শেষ দিকে সুইডেনের গুস্তাফ নেদারল্যান্ডসের জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডাচরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান কমানোর চেষ্টা করে সুইডেন। তবে পাল্টা আক্রমণে তাদের রক্ষণ ভেঙে আরও দুই গোল আদায় করে নেয় নেদারল্যান্ডস। ৪৭তম মিনিটে কোডি গাকপো গোল করে ব্যবধান ৩-০ করেন। সাত মিনিট পর আবারও জালে বল পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
৫৯ মিনিটে বদলি খেলোয়াড় অ্যান্থনি ইলাঙ্গার গোলে ব্যবধান কমায় সুইডেন। এরপর বেশ কয়েকটি আক্রমণ করলেও ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে আর পরাস্ত করতে পারেনি তারা। ম্যাচে মোট সাতটি সেভ করেন তিনি।
ম্যাচের ৮৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন ক্রিসেনসিও সামারভিল। তাতেই ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।
এখন দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান এবং কোনো পয়েন্ট না পাওয়া তিউনিসিয়া রয়েছে তলানিতে।