নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:২০
চারশতে থামল বাংলাদেশ
শেষ পর্যন্ত ৪০০ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয় দিয়ে শুরু হলেও তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দুজনের ব্যাট থেকেই এসেছে দৃষ্টিনন্দন সেঞ্চুরি। তাদের ২০৬ রানের গুরুত্বপূর্ণ জুটিই বাংলাদেশকে চারশ রানের মাইলফলকে পৌঁছে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না বাংলাদেশের। প্রথম বলেই উইকেট হারানোর পর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ২২ রানে ৩ উইকেট। সেখান থেকে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের জুটি দলকে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার পথ দেখায়। তবে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ থেকে দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। দুজন মিলে গড়েন ২০৬ রানের দুর্দান্ত জুটি। একদিকে হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং, অন্যদিকে লিটনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনই তুলে নেন সেঞ্চুরি। লিটন তার শতক উৎসর্গ করেন মেয়ের জন্মদিনে। বিশেষ উদ্যাপনে পকেট থেকে বের করেন মেয়ের জন্য লেখা একটি বার্তা।
তবে সেঞ্চুরির পর ইনিংস খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি হৃদয়। মুল্ডারের শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে বড় ইনিংস খেলার সম্ভাবনা থাকলেও সেখানেই থামে তাঁর দুর্দান্ত শতক।
এরপর শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পিটারসনের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন হাসান মাহমুদ। বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। তখন বাংলাদেশের সংগ্রহ ৩৯২ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন ইবাদত হোসেন।
এর আগে পিটারসনের বলেই চার মেরে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রানে নিয়ে যান তাসকিন আহমেদ। তবে পরের বলেই মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তাতেই প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে বাংলাদেশের। চার শ রানের সংগ্রহ পেয়ে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে দলটি।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এই সংগ্রহের গুরুত্বও কম নয়। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দলগুলোর হারার নজির নেই। এমন পরিস্থিতিতে সাতটি ম্যাচ ড্র হয়েছে, আর ১২টি ম্যাচে জয় পেয়েছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল। সেই পরিসংখ্যান বাংলাদেশের জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়লেও হৃদয় ও লিটনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪০০ রানের সংগ্রহ দাঁড় করিয়ে প্রতিপক্ষের সামনে লড়াইয়ের শক্ত ভিত গড়ে দিয়েছে তারা।
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের দারুণ শুরু
সেঞ্চুরির জন্য লিটনের অপেক্ষা দীর্ঘ হয়নি। দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বলে দারুণ এক পুল শটে বল সীমানার বাইরে পাঠান তিনি। চার রানেই পূর্ণ হয় কাঙ্ক্ষিত শতক। ৯২ রান নিয়ে দিন শুরু করে অল্প সময়ের ব্যবধানে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান লিটন।
সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্যাপন করেন তিনি। এরপর পকেট থেকে বের করেন আগে থেকে রাখা একটি কাগজ। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’ বিশেষ দিনে মেয়েকে দেওয়া এই উপহার লিটনের সেঞ্চুরিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। মাঠের পারফরম্যান্সের সঙ্গে মিশে গেছে বাবার ভালোবাসা ও আবেগ।
এদিকে দ্বিতীয় দিনের সকালে আবহাওয়াও ছিল আলোচনায়। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগের রাতে হাইভেল্ড অঞ্চলে প্রচণ্ড বজ্রঝড় হয়েছে। বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও বৃষ্টিতে রাতভর আবহাওয়া ছিল প্রতিকূল। সকালে তাপমাত্রাও বেশ কমে যায়। আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।