নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৬
মেট্রোরেল লাইনের আশপাশের ভবনমালিকদের সতর্কতা, নেওয়া হচ্ছে লিখিত অঙ্গীকারনামাও
সম্প্রতি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের সচেতন ও সতর্ক করা হচ্ছে। কোনও কোনও এলাকায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে লিখিত অঙ্গীকারনামাও।
এই উদ্যোগের আওতায় নাশকতা প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি, ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বেশ কিছু নিরাপত্তামূলক দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হচ্ছে ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানার পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ ও নথিভুক্ত করছে। তবে এলাকাভেদে পুলিশের উদ্যোগে কিছুটা ভিন্নতা রয়েছে। মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলেও মতিঝিল এলাকায় নেওয়া হয়েছে লিখিত অঙ্গীকারনামা।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে সরকার ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সুউচ্চ ভবন থেকে অননুমোদিত পর্যবেক্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। এ ছাড়া কেপিআইয়ের সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে।
অঙ্গীকারনামায় ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে, তাদের ভবন, বারান্দা কিংবা ছাদ ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যেন রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে। মেট্রোরেল স্থাপনার অননুমোদিত পর্যবেক্ষণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।
ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহলের ব্যবস্থা রাখার নির্দেশনাও রয়েছে। কোনও বাসিন্দা, ভাড়াটিয়া কিংবা নতুন করে ভাড়া নিতে আসা ব্যক্তির চলাফেরা বা আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশ ও ডিএমটিসিএল কর্তৃপক্ষকে জানাতে হবে।
এ ছাড়া ভবনের কোনও অংশ নতুন করে ভাড়া দেওয়া কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে অঙ্গীকারনামার শর্তগুলো জানাতে হবে। এসব শর্ত প্রতিপালন নিশ্চিত করার দায়িত্বও থাকবে ভবনমালিকের ওপর।
অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন কিংবা সংশ্লিষ্ট ভবনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
মতিঝিল মেট্রো স্টেশনসংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও এ ধরনের অঙ্গীকারনামা নিয়েছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মতিঝিল থানা পুলিশ তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়েছে। পাশাপাশি নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।
এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নিয়মিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। এরই অংশ হিসেবে ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মূলত মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের ভবনমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হচ্ছে। কেউ নাশকতার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে তারা যেন দ্রুত পুলিশকে জানান।
ওসি কামরুজ্জামান আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তারা মানুষকে সচেতন করছেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকলে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে ডিএমটিসিএল
মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা জোরদারের পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চেয়েছে ডিএমটিসিএল। একই সঙ্গে নজরদারি বাড়াতে এবং উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ১১ জন কর্মকর্তার সমন্বয়ে একটি দল গঠন করেছে সংস্থাটি।
ডিএমটিসিএল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ এবং মেট্রোরেল স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়ে পুলিশ সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও অতিরিক্ত জনবল পাওয়া যায়নি।
মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পৃথক ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ। ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান জনবল দিয়ে সব স্টেশনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাড়তি জনবলের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, মেট্রোরেলের নিরাপত্তায় পোশাকে ও সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট থানার সহায়তা নেওয়া হচ্ছে। নিরাপত্তা আরও জোরদারে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।