ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩১:৪০
রামপালে নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
বাগেরহাটের রামপালে নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ভাঙন প্রতিরোধে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, "রোমজাইপুর এলাকায় প্রায় দেড় মাস আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এসেছিলাম। তখন তাদের কিছু নির্দেশনা দিয়েছিলাম। এখন এসে দেখলাম, তারা ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছেন। নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলে প্রাথমিকভাবে ভাঙন প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পর্যায়ক্রমে আরও জিওব্যাগ ফেলা হবে।"
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের ফলে এ অঞ্চলের মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা। মাঝেমধ্যে জিওব্যাগ ফেলা কিংবা অন্যান্য পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো স্থায়ীভাবে কার্যকর হচ্ছে না। ফলে দৃশ্যমান কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, "এখানকার নদীতে বেশ কিছু বড় বড় বাঁক রয়েছে। সেগুলো পরিকল্পিতভাবে সোজা করে কেটে দেওয়া গেলে এবং নদীর স্বাভাবিক স্রোতপ্রবাহ বাধাগ্রস্ত না হলে আমাদের উদ্দেশ্য ও পরিকল্পনা সফল হতে পারে। কারণ, প্রতিনিয়ত জোয়ার-ভাটার প্রভাবে নদীভাঙন অব্যাহত রয়েছে।"
তিনি বলেন, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড ও নদী খননের কাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিনে নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। নদীভাঙন রোধে করণীয় নির্ধারণে একটি সমন্বিত ছক ও তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরির উদ্যোগ নেওয়া হবে। এর ভিত্তিতেই পরবর্তী সময়ে স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি কার্যক্রম শুরু করা হবে।
নদীভাঙনের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিনিয়ত বসতভিটা, বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সবকিছু হারিয়ে অনেক মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। এই জনপদের সংসদ সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়ানো এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক চেষ্টা করব।
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীর বর্তমান চিত্র পর্যবেক্ষণ করে ভাঙন প্রতিরোধে করণীয় বিষয়ে একটি পরিকল্পনা ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি পর্যালোচনা করেই স্থায়ীভাবে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
এ সময় নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ভূটিয়ামারী শাখার উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।