মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৯:০৮
ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনে আগুন
ঢাকার ধামরাইয়ে ভূমি অফিসের সামনে গভীর রাতে গার্মেন্টসকর্মী পরিবহনকারী হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটি ঢুলিভিটা, ধামরাই থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় গার্মেন্টসকর্মীদের পরিবহন করত।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক মো. লালন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর যশোর মেট্রো-জ-১১-০০৩৪।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।