হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৪৩
হাতিয়ায় প্রযুক্তি শিক্ষার নতুন দুয়ার, ভ্রাম্যমাণ ভ্যানে দুই মাসের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রম। ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে পরিচালিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪০ জন নারী-পুরুষ।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। এতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কম্পিউটার পরিচালনা, তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে দ্বীপাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং কর্মমুখী শিক্ষায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষণার্থীরা জানান, হাতিয়ার মতো প্রত্যন্ত দ্বীপাঞ্চলে বসে এ ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে ভবিষ্যতে চাকরি কিংবা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তারা।
এদিকে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে বই ও ব্যাগ বিতরণ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রত্যন্ত দ্বীপাঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ডিজিটাল কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে সহায়ক হবে। এর মাধ্যমে হাতিয়ার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মজীবনে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।