নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ রাত ০৬:০৬:৫২
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামের ছেলের বিরুদ্ধে মেডিকেল কলেজ ছাত্রদলের সেক্রেটারিকে মারধরের অভিযোগ
ঢাকার সাভারে সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম হৃদয়(২৭) ও অভিযুক্ত সাইফ এমডি এনাম(২৭)। তিনি সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছেলে।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সাভার পৌর এলাকার থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে বিসমিল্লাহ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। সাইমুন ও সাইফ দুজনই এনাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং একই ব্যাচের ছিলেন। কলেজে পড়ার সময় থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাইমুনের অভিযোগ, ঘটনার রাতে সাইফ মোটর সাইকেল নিয়ে তার পথরোধ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ তুলে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত সাইফ এমডি এনামের মা রওশন আক্তার চৌধুরীর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।