সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ১০:১০:৩৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জটিকা মিছিলের সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় মিছিল করার সময় ১২ জন ছাত্রলীগের কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাসে করে একদল ব্যক্তি বস্তল এলাকায় এসে মিছিলের চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করে।
আটকদের পরে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৫), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৫), ইশান সাহা (১৭), রাজ সাহা (১৭), আবির হাসান (১৮), রুদ্র দেব (১৭), শাহরিয়ার (২৫), ইমন (২২) এবং জোবায়ের হোসেন (১৯)। তাদের বাড়ি নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।