মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ সকাল ১১:০৭:৩৭
তিস্তা নদীতে পুলিশের অভিযান, ১০০ বোতল এসকাপ উদ্ধার
রংপুরের গঙ্গাচড়ায় মাদকবিরোধী অভিযানে তিস্তা নদী থেকে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল তিস্তা নদীতে অভিযান চালায়। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চর সংলগ্ন এলাকায় নৌকাযোগে মাদক পরিবহনের সময় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদক কারবারিরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, "এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।"
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়ন তিস্তা নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে নদীপথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে মাদক কারবারিরা। দুর্গম চরাঞ্চল ও নৌপথের সুযোগ নিয়ে তারা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে। এ কারণে নদীপথে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।