মোঃ শাহপরান, কসবা আখাউরা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ রাত ০৬:৫৯:১১
কসবায় ফের বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ফের বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে কসবা পৌর শহরে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে মোহনা টেলিভিশনের কসবা উপজেলা প্রতিনিধিসহ অন্তত সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় পুলিশের ফাঁকা গুলির শব্দও শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত সাংবাদিকের নাম হারুনুর রশীদ ঢালী (৬০)। তিনি মোহনা টেলিভিশনের কসবা উপজেলা প্রতিনিধি। অন্য আহতরা হলেন মঈনপুর গ্রামের আশরফ আলীর ছেলে ইব্রাহিম (৪৮), বিনাউটি গ্রামের বাছির মিয়ার ছেলে সালমান (৩২), বায়েক গ্রামের মনির হোসেনের ছেলে বাবু (৩০), আড়াইবাড়ি গ্রামের রাশেদ মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৩৪) এবং কুটি ঘড়িপুর গ্রামের জীবন মুন্সির ছেলে সাকিব (১৮)। আহতদের অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ফলে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজনকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌর সুপার মার্কেটের আশপাশে উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। বুধবার নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়।
শনিবারের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান নিয়েছে।