রাজিব মাহমুদ (সাভার উপজেলা প্রতিনিধি)
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ রাত ০৭:৩৪:০৯
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম
শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া বাড়াতে পারবেন না বাড়িওয়ালারা। কেউ বাড়িভাড়া বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বেতন বাড়ানোর অজুহাতে কোনো বাড়িওয়ালা যেন বাসাভাড়া বৃদ্ধি করতে না পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনায় শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।