মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ রাত ০৯:৪৩:৩৪
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর (গোপালগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জেলাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চাষ বাড়ানোর পাশাপাশি রোপণের পর সঠিক পরিচর্যায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের অন্তত একটি ফলজ বা ঔষধি গাছ রোপণ এবং তার পরিচর্যা নিশ্চিত করা উচিত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বনজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও প্রয়োজন। শুধু বৃক্ষমেলা নয়, বর্ষা মৌসুমজুড়ে খালি জায়গায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়।
পরে পৌরপার্কে অতিথিরা ফিতা কেটে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নার্সারি মালিক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে দর্শনার্থী ও শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।