ডিবির অভিযানে ছয় মোবাইল ফোন জব্দ, বিকাশ-নগদ ও ক্রিপ্টোকারেন্সিতে বড় অঙ্কের লেনদেনের তথ্য
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৪:৩৩
বগুড়ায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ৩
বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালিয়ে সোহেল রানা (২৮) ও এমরান হোসেনকে (২৯) গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টা ৫০ মিনিটে সহযোগী রেজাউল করিম তানসেনকে (৩২) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পণ্ডিতপুকুর এলাকার সোহেল রানা, বৃকঞ্চি এলাকার এমরান হোসেন এবং মাধবকুড়ি এলাকার রেজাউল করিম তানসেন।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন পর্যালোচনা করে বিকাশ, নগদ ও বিন্যান্সসহ বিভিন্ন ডিজিটাল ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনলাইন জুয়ার বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া 1Xbet, Mobcash, Reddy, Bybit ও Money-go নামের বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলীর নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা করা হয়েছে।