গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ রাত ০৭:০৬:৪৯
গাইবান্ধায় পুলিশ অভিযানে ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এ সময় এক ছিনতাইকারী ও চোরাই মোবাইল গ্রহণের অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার একটি ছিনতাই মামলার তদন্তে পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো. আয়াত খান (২৫)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধা শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার একটি পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ২০টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
এ সময় চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে দোকানের যৌথ মালিক মো. মাসুম মিয়া (৩০) ও মো. রানা (২৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে ১০টি মামলা রয়েছে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তারা।