ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ রাত ১০:৩৪:৪৮
ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, গ্রেপ্তার ৩
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে গতকাল বুধবার রাতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাতে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত এসএম আমির হামজা সাতিলের দ্বিতল বসতবাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হলে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মেহেদী হাসান রাসেলের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।