ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ রাত ১০:০৯:১৭
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
রোববার (২২ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থানরত মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) ও অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি ইজিবাইকের পেছনে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন এবং একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।
এসব বিস্ফোরক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।