নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ রাত ০৯:০০:৫৯
আইন-শৃঙ্খলায় কোনো শৈথিল্য নয়, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ড. মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না। আইনের ফাঁকফোকর ব্যবহার করে কোনো দাগী বা দুর্ধর্ষ অপরাধী যেন ধরাছোঁয়ার বাইরে যেতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বুধবার (২৯ জুলাই) মেঘনা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, জনগণের কাছে প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরিহার্য।
তিনি আরও বলেন, অপরাধীর কোনো আদর্শ নেই, কোনো দল নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। যে দলেরই হোক না কেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম. এম. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীনসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে ড. খন্দকার মারুফ হোসেন গোবিন্দপুর ইউনিয়নের বিনোদপুর গ্রাম পরিদর্শন করেন। সম্প্রতি সেখানে সংঘটিত নৃশংস হামলায় নিহত গৃহবধূ কোহিনূর বেগম (৪৫)-এর পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি কোহিনূর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরে তিনি মোজাফফর আলী হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে ড. খন্দকার মারুফ বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এটি অক্সিজেন দিয়ে মানবজীবন রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ফলদ ও বনজ গাছ মহান আল্লাহর অমূল্য নিয়ামত। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
তিনি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি নিজ নিজ বাড়ির আঙিনাসহ বিভিন্ন স্থানে বনজ ও ফলদ গাছের চারা রোপণের আহ্বান জানান।
বৃক্ষরোপণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এম. মিজানুর রহমান। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।