মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:৩৭
তিন দফা দাবিতে নরসিংদীতে টেক্সটাইল কলেজে তালা, শিক্ষক-কর্মকর্তারা অবরুদ্ধ
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তিন দফা দাবিতে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাদের কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা হয়।
শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের পর থেকে কলেজে বিভিন্ন দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন তারা। তবে দাবিগুলোর কোনো সুরাহা না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কলেজটি শতভাগ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য চালু রাখতে হবে, প্রতিষ্ঠানটি তাঁত বোর্ডের অধীনে রাখতে হবে এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রকল্প নরসিংদী শহরেই বাস্তবায়ন করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি এখন বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু বুধবার সকাল থেকে তারা কলেজের গেটে তালা দিয়ে আন্দোলন করছেন। কর্তৃপক্ষের বক্তব্যও তারা শুনতে চাননি।
অধ্যক্ষ আরও বলেন, যেহেতু বিষয়টি বাংলাদেশ তাঁত বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, তাই বোর্ডই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আন্দোলনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।